কাঁঠালিয়া: দীর্ঘদিন ধরে কর্মী সঙ্কটে ভুগছে ধনপুর বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র। রয়েছে পরিকাঠামোগত সীমাবদ্ধতায়। তার মধ্যেই কোনও রকমে দেওয়া হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। ফলে জনদুর্ভোগ চরমে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন শূন্য পদ পূরণ না হওয়ার কারণে হাসপাতালটি কার্যত জোড়াতালি দিয়ে পরিচালিত হচ্ছে। বর্তমানে ৩০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কেন্দ্রে রোগীর সংখ্যা প্রায় দিনই ৬০ থেকে ৭০-র বেশি হয়ে যাচ্ছে। ফলে অনেক ক্ষেত্রেই বারান্দা কিংবা বিকল্প জায়গায় রোগীদের পরিষেবা দিতে বাধ্য হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। সেই সঙ্গে কর্মরত চিকিৎসকের সংখ্যা মাত্র চারজন হওয়ায় সমস্যা চরমে।
কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে যে কর্মী সল্পতা রয়েছে তা কিন্তু স্বীকার করলেন এম ও আই সি ডাক্তার অভিজিৎ দে। তবে অচিরেই এই হাসপাতালের সামগ্রিক সমস্যার সমাধান হবে, বলেও তিনি আশা ব্যক্ত করেন। যদিও প্রশ্ন উঠছে যেখানে ন্যূনতম পাঁচজন চিকিৎসক থাকার কথা, সেখানে মাত্র দুজন করে চিকিৎসক নি.ে কীভাবে সংশ্লিষ্ট উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলি পরিচালিত হচ্ছে? স্টাফ নার্স, এলডিসি ও গ্রুপ-ডি কর্মীর শূন্যপদ কেন এখনও পূরণ করা হচ্ছে না? একজন এমপিডব্লিউকে একাধিক পঞ্চায়েতের দায়িত্ব সামলাতে হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা কতটা কার্যকর থাকবে?
এই পরিস্থিতিতে স্থানীয়দের দাবি, অবিলম্বে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে কার্যকর দ্রুত উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় আগামী দিনে কাঁঠালিয়া স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা আরও গভীর সংকটের মুখে পড়তে পারে বলেই তাঁদের আশঙ্কা।
আরও পড়ুন: অবহেলায় উপেক্ষিত চাকমাঘাটে খোয়াই নদীর তীরে নির্মিত নৌকাঘাট, ভেঙে চুরমার উন্নয়নের স্বপ্ন
