৫ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অসম-আগরতলা সড়ক ও রেল অবরোধের ডাক ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির

দাবি আদায়ে জাতীয় সড়ক ও রেললাইন অবরোধের ডাক

2 Min Read
ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির সাংবাদিক বৈঠক

আগরতলা: পাঁচ দফা দাবিতে আগামী ৫ জুন অসম-আগরতলা জাতীয় সড়ক ও রেললাইন অবরোধের ডাক দিল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। পাঁচ তারিখ থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তারা এই অবরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

এর আগে দাবি আদায়ে ২০ ফেব্রুয়ারি অবরোধের ডাক দেওয়া হয়েছিল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির তরফে। অসম-আগরতলা সড়ক ও রেললাইন অবরোধ করে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল তারা। সেই সময় জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা তাদের দাবিদাওয়া পূরণ করার আশ্বাস দেন। কিন্তু, এখনও পর্যন্ত এই বিষয়ে অগ্রগতি হয়নি বলে অভিযোগ। আর তাই নিজেদের দাবি আদায়ে এবার বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। আগামী ৫ জুন থেকে অনির্দিষ্ট কালের জন্য অসম-আগরতলা জাতীয় সড়ক ও রেললাইন অবরোধের ডাক দিয়েছে। শনিবার আগরতলার কুমারী মধুতি রূপশ্রী আবাসনে আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে এই ঘোষণা করল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির নেতৃত্ব। তাদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম প্রধান দাবি হল ২৩ কোটি টাকার বিস্তৃত পুনর্বাসন প্রকল্প অবিলম্বে পুনরায় চালু করা এবং আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিদের বিরুদ্ধে থাকা সমস্ত মুলতুবি মামলা প্রত্যাহার করা।

ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির নেতৃত্বের অভিযোগ, ১৯৯৮ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের সঙ্গে আলোচনার পর অনেক জঙ্গিই আত্মসমপর্ণ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছিলেন। কিন্তু, সেই সময় সরকারের তরফ থেকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা আজও পূরণ হয়নি। রাজ্যে পালাবদলের পরে নতুন সরকারের কাছেও বারবার আবেদন জানানো হয়েছে। কিন্তু, কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে ৫ জুন থেকে অনির্দিষ্ট কালের জন্য অসম-আগরতলা জাতীয় সড়ক ও রেললাইন অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন দেখার সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নেয়।

আরও পড়ুন: অভিষেক দেবরায়ের নেতৃত্বে আরও শক্তিশালী হবে সংগঠন, আশা মুখ্যমন্ত্রী ও রাজ্য বিজেপি নেতৃত্বের

বিশদে দেখুন ভিডিও-তে: https://www.facebook.com/reel/1647774163144486

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *