আগরতলা: ১৬ জুলাই রথযাত্রা। তাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি। চলছে ঐতিহ্যবাহী রথে রঙের শেষ তুলির টান, সাজছে আগরতলার জগন্নাথ জিও মন্দির প্রাঙ্গণ। পাঁচদিনের ধর্মসভায় থাকবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিরা।
আসন্ন রথযাত্রা উৎসবকে সামনে রেখে রাজধানী আগরতলার জগন্নাথ জিও মন্দিরে এখন ব্যস্ততার পরিবেশ। মন্দির চত্বরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঐতিহ্যবাহী রথের সংস্কারের কাজ প্রায় শেষ। রথে দেওয়া হচ্ছে নতুন রঙের প্রলেপ। শেষ তুলির টানেই ফুটে উঠছে রথের ঐতিহ্যবাহী সৌন্দর্য।
মন্দির কর্তৃপক্ষ জানায়, আগামী বৃহস্পতিবার ভক্তদের উপস্থিতিতে পালিত হবে পবিত্র রথযাত্রা। ভেদাভেদ জ্ঞান ভুলে সকলকে রথযাত্রা উৎসবে শামিল হওয়ার আহ্বান জানালেন জগন্নাথ জিও মন্দির কর্তৃপক্ষ।
রথযাত্রা উৎসব উপলক্ষে ১৮ জুলাই থেকে শুরু হবে পাঁচ দিনব্যাপী ধর্মসভা। ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক অনুষ্ঠান এবং বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ধর্মসভার প্রথম দিনে উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়াও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব ও বিশিষ্ট অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানায়, ভক্তদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে দর্শনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোকসজ্জা এবং নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবারও রথযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো।
