আগরতলা: বৃহস্পতিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল বিকশিত ভারত গ্যারান্টি কর্মসংস্থান ও গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের জনসম্মেলন ও উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার, এডিসির এমডিসি গীতা দেববর্মা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নতুন আইনের বিভিন্ন দিক এবং গ্রামীণ উন্নয়নের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। বক্তারা বলেন, এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
বিকশিত ভারত- রোজগার ও আজীবিকা গ্যারান্টি মিশন আইন, ২০২৫ দুই দশক পুরোনো কর্মসংস্থান ব্যবস্থার পরিবর্তে কার্যকর হয়েছে। আইনটি গত ২০ ডিসেম্বর, ২০২৫শে পাস হয় এবং চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। নতুন আইনের মাধ্যমে গ্রামীণ পরিবারের নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ বছরে একশো দিন থেকে বাড়িয়ে একশো পঁচিশ দিনে উন্নীত করা হয়েছে এবং ২৫৬ টাকা থেকে মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন মন্ত্রী টিংকু রায়।
এর ফলে আরও বেশি কর্মদিবস এবং আয়ের সুযোগ তৈরি হবে। এই উদ্যোগ বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। সরকারের দাবি, এই আইন গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিভিন্ন সরকারি প্রকল্পের কার্যকর সমন্বয় এবং প্রত্যেক যোগ্য উপকারভোগীর কাছে সরকারি সুবিধা নিশ্চিত করতে সহায়ক হবে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে দুর্যোগ-সহনশীল, আত্মনির্ভর ও সমৃদ্ধ গ্রামীণ ভারত গড়ার লক্ষ্যে এই নতুন কর্মসংস্থান ও জীবিকা গ্যারান্টি মিশনের আনুষ্ঠানিক সূচনা হল।
