শেষ লংতরাই তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতার গ্রুপ লিগের খেলা, সুপার লিগে জায়গা পেল ৪টি দল

আরও জমবে প্রতিযোগিতা

2 Min Read
উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে লংতরাই সি ডিভিশন ফুটবল লিগের খেলা

আগরতলা: ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত লংতরাই গুঁড়া মসলা তৃতীয় ডিভিশন ফুটবলের গ্রুপ লিগ পর্ব শেষ হয়েছে। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বি গ্রুপের শেষ ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার দুর্দান্ত খেলে সাই এসটিসিকে ৫-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার লিগে জায়গা নিশ্চিত করে।

এই হারে সাই এসটিসির সুপার লিগে ওঠার শেষ সম্ভাবনাও শেষ। জম্পুইজলার জয়ের নায়ক কাওতাল জামাতিয়া। তিনি হ্যাটট্রিক সহ একাই চারটি গোল করে ম্যাচের সেরা পারফরম্যান্স উপহার দেন। দলের অন্য গোলটি করেন পোহর জামাতিয়া। সাই এসটিসির হয়ে একমাত্র গোল করেন চোংক্রাং রিয়াং। প্রথমার্ধে জম্পুইজলা ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। বিরতির পর আরও তিনটি গোল করে বড় জয় নিশ্চিত করে জম্পুইজলা। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে জম্পুইজলা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ১৫ পয়েন্ট নিয়ে ইকফাই ইউনিভার্সিটি গ্রুপ রানার্সআপ হিসেবে সুপার লিগে উঠেছে।

এ গ্রুপ থেকে ১৬ পয়েন্ট নিয়ে ভারতরত্ন সংঘ চ্যাম্পিয়ন এবং ১২ পয়েন্ট নিয়ে সিমনা তমাকারী রানার্স। ফলে সুপার লিগের চার দল চূড়ান্ত। আগামী ৪ জুলাই থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হবে চার দলকে নিয়ে সুপার লিগ। মোট ছয়টি ম্যাচে একে অপরের মুখোমুখি হবে চার দল। শিরোপা জয়ের লড়াইয়ে এখন উত্তেজনা তুঙ্গে। বুধবার সুপার লিগের ক্রীড়া সূচি ঘোষণা করেছে টি এফ এ-র লীগ সাব কমিটি। ৪ জুলাই ভারতরত্ন সংঘ বনাম ইকফাই ইউনিভার্সিটি সুপার লিগের প্রথম খেলায় লড়াইয়ে নামবে।

৫ জুলাই জম্পুইজলা প্লে-সেন্টার বনাম সিমনা তমাকারী। ৭ জুলাই ইকফাই বনাম জম্পুইজলা প্লে সেন্টার। ৮ জুলাই সিমনা তমাকারি বনাম ভারতরত্ন সংঘ। ১০ জুলাই ভারতরত্ন সংঘ বনাম জম্পুইজলা প্লে সেন্টার। ১১ জুলাই সিমনা তমাকারী বনাম ইকফাই ইউনিভার্সিটি। সুপার লিগে চারটি দল একে অপরের বিরুদ্ধে লড়াই করবে। খেলা হবে মোট ছয়টি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *