চার জেলায় জারি হলুদ সতর্কতা, একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়ার রদবদল

editorvanguard
2 Min Read
ফাইল ফটো

আগরতলা: জুন মাসে ত্রিপুরা সহ গোটা দেশেই বৃষ্টিপাত হয়েছে স্বভাবিকের থেকে কম। আগামী পাঁচ দিন ও আগরলতালায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই। উত্তর ত্রিপুরা, ধলাই, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরার এক বা একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিল আগরতলা আবহাওয়া কেন্দ্র।

আগরতলা হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রাজ্যের উত্তর ত্রিপুরা, ধলাই, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরার এক বা একাধিক জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, সমগ্র রাজ্যের দু-এক জায়গায় বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দফতর এই ৪ জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। রাজ্যে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী ৩ থেকে ৪ দিন রাজ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে, যা কিছুটা অস্বস্তি বাড়াবে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে উত্তর ত্রিপুরার আশাপাড়ায় ২৮.৫ মিলিমিটার এবং ধলাই জেলার কমলপুরে ২১.৫ মিলিমিটার। অন্যদিকে ত্রিপুরা সহ গোটা দেশেই জুন মাসে কম বৃষ্টিপাত হয়েছে। ২০২৬ সালের জুন মাসে সামগ্রিকভাবে বৃষ্টিপাতের ঘাটতি দেখা গেছে। ১২৫ বছরের পর জুন মাসে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে অসমে। প্রতিবেশী রাজ্য অসমে জুন মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ৪১৫ থেকে ৪৯০ মিলিমিটার হলেও, এই বছর তা প্রায় ৪০% কম হয়েছে। অন্য দিকে, আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ছয় জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগের তুলনায় উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি কিছুটা কমলেও, এখনই বৃষ্টি থেকে পুরোপুরি বিরতি মিলছে না। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয় অফিস। উল্লেখ্য, জুলাই মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে মৌসম ভবন জানিয়েছে, জুলাই মাসে ত্রিপুরা, অসম ও উত্তরবঙ্গে সামগ্রিক বৃষ্টিপাত স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *