সাইবার নিরাপত্তা জোরদার করতে রাজ্যস্তরের পরামর্শমূলক কর্মশালা আগরতলায়

সচেতন হওয়ার বার্তা

editorvanguard
2 Min Read
আগরতলায় রাজ্যভিত্তিক সাইবার নিরাপত্তা সংক্রান্ত কর্মশালা

আগরতলা: গোটা দেশ জুড়ে বাড়ছে সাইবার প্রতারণা। প্রতারকদের জাল ছড়িয়ে ছিটেয়ে দেশের প্রতিটি কোনায়। বাদ যায়নি উত্তর পূর্বের ছোট্ট রাজ্য ত্রিপুরাও। মঙ্গলবার রাজ্যের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল রাজ্যস্তরের পরামর্শমূলক কর্মশালা।

“রাজ্যের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা কাঠামো শক্তিশালীকরণ”শীর্ষক এই কর্মশালার আয়োজন করে ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি অধিদফতর। কর্মশালাটি অনুষ্ঠিত হয় ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীন ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশনের সহযোগিতায়। কর্মশালায় ত্রিপুরার ডিজিটাল প্রশাসন ও সাইবার নিরাপত্তা ক্ষেত্রে অর্জিত সাফল্য তুলে ধরা হয়।

ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি নাগরিকদের তথ্য সুরক্ষা, সাইবার স্থিতিশীলতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করা হয়। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার নেতৃত্ব এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের দিক নির্দেশনায় ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম শীর্ষ ডিজিটাল প্রশাসনিক রাজ্যে পরিণত হয়েছে বলে কর্মশালায় জানানো হয়। গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত ই-অফিস চালু করে সম্পূর্ণ কাগজবিহীন প্রশাসনের ক্ষেত্রে ত্রিপুরা দেশের প্রথম রাজ্য হিসেবে নজির স্থাপন করেছে বলেও তুলে ধরা হয়।

এছাড়াও ত্রিপুরা স্টেট ডাটা সেন্টারের আধুনিকীকরণ, ত্রিপুরা সিকিউরিটি অপারেশনস সেন্টার প্রতিষ্ঠা, SWAN ও HSWAN নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রামীণ এলাকায় ভারতনেট প্রকল্পের বাস্তবায়ন এবং নাগরিকমুখী একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর বিষয়গুলি আলোচনায় গুরুত্ব পায়।

এদিন কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা। উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশের ডিজি শ্রী অনুরাগ, প্রধান মুখ্য বন সংরক্ষক আর. কে. সামল, তথ্য প্রযুক্তি অধিকর্তা জেয়া রাগুল গেশান বি-সহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিক এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *