আগরতলা: ত্রিপুরা সফরে এসে নারী ও শিশুদের সুরক্ষায় রাজ্য প্রশাসন ভালো কাজ করছে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী যাদব। ত্রিপুরার চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনগুলির পুনর্বাসন এবং যত্ন নেওয়ার পদ্ধতি অত্যন্ত উন্নত মানের, যা ভারতের অন্যান্য রাজ্যেরও অনুসরণ করা উচিত বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী।
ত্রিপুরা সফরের দ্বিতীয় দিনে সোমবার রাজ্যের নারী ও শিশু কল্যাণ প্রকল্পগুলির অগ্রগতি এবং পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী। আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে অভয়নগরে গার্লস ইউনিট-২ সিসিআই, মহিলা আশ্রম এবং স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন। অন্নপূর্ণা দেবী ত্রিপুরার মহিলা আশ্রম এবং স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির ভূয়সী প্রশংসা করেন এবং ত্রিপুরাকে সমগ্র দেশের জন্য একটি “মডেল রাজ্য” বা আদর্শ উদাহরণ হিসেবে বর্ণনা করেন। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মন্তব্য করেন যে ত্রিপুরার চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনগুলির পুনর্বাসন এবং যত্ন নেওয়ার পদ্ধতি অত্যন্ত উন্নত মানের, যা ভারতের অন্যান্য রাজ্যেরও অনুসরণ করা উচিত।
পরিদর্শনের সময় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায় এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের সচিব তপন দাস।
