লংতরাই: দীর্ঘদিন বেহাল লংতরাই ভ্যালির পশ্চিম করমছড়ার প্রধান সড়ক। গর্তে ভরা পথে যাতায়ত করতে গিয়ে নিত্যদিন চরম দুর্ভোগ পোয়াতে হয় সাধারণ মানুষকে। বর্ষায় জল-কাদা জমে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। বাধ্য হয়ে দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছে এলাকাবাসী।
দীর্ঘদিন ধরেই ধলাই জেলার লংতরাই ভ্যালি মহকুমার পশ্চিম করমছড়া এলাকার প্রফুল্য দেব পাড়া ও রমন দেবনাথ পাড়া থেকে ১৩ কার্ডগামী প্রধান সড়কের হাল বেহাল। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হলেও এখনও পর্যন্ত সংস্কারের কোনও কার্যকর উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ।
রাস্তার বেহাল দশাজনিত কারণে যানবাহন চলাচলে যেমন দুর্ভোগ পথ হয় এমনকি রোগী পরিবহণে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে জানালেন জনৈক অটোচালক।
স্থানীয়দের বক্তব্য, সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় ঢেকে যায়। ফলে পথচারী, বাইক আরোহী ও ছোট যানবাহনের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং রোগীদের প্রতিদিন দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হচ্ছে বলে স্থানীয় সাধারণের অভিযোগ।
বিগত ১০ বছর যাবত রাস্তার এই বেহাল দশার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন স্থানীয় সাধারণ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন।
শুধু তাই নয় দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা না হলে এলাকাবাসী পথ অবরোধের হুঁশিয়ারিও কিন্তু দিয়েছেন। এই অবস্থায় প্রশ্ন উঠছে, বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের এমন বেহাল অবস্থা কেন? আরও প্রশ্ন, সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এখনও পর্যন্ত স্থায়ী সংস্কার করা হলো না কেন? বর্ষার আগেই প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়নি কেন?
এলাকাবাসীরা জানান, জরুরি সময়ে অ্যাম্বুলেন্স বা অন্য কোনও যানবাহন দ্রুত পৌঁছাতে না পারায় বিপদের ঝুঁকি আরও বাড়ছে। অনেক ক্ষেত্রেই রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যার সম্মুখীন হতে হয়। স্থানীয় মানুষ রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। দ্রুত রাস্তার সংস্কার, গর্ত ভরাট এবং স্থায়ী উন্নয়নের জোর দাবি জানিয়েছেন তাঁরা। এলাকাবাসীর আশা, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটিয়ে নিরাপদ, স্বাভাবিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে।
