দুগ্ধ ইউনিয়ন কেন্দ্র সহ আগরতলার একাধিক স্থানে পরিদর্শন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর

পরিষেবার পরিকাঠামো পরিদর্শনে রাজ্যপাল

1 Min Read
ইন্দ্রনগরের দুগ্ধ কেন্দ্রে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

আগরতলা: রাজ্য সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক পরিষেবার হাল খতিয়ে দেখতে মঙ্গলবার একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এই প্রথম ত্রিপুরার কোনও রাজ্যপাল ইন্দ্রনগরে অবস্থিত গোমতী কো-অপারেটিভ মিল্ক ইউনিয়ন লিমিটেডের কেন্দ্র পরিদর্শন করলেন। সেখানে গিয়ে দুগ্ধজাত বিভিন্ন সামগ্রী উৎপাদনের প্রক্রিয়া ঘুরে দেখার পাশাপাশি উৎপাদন ও পরিষেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন তিনি। পরিদর্শনের সময় সংস্থার চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

গোমতী কো-অপারেটিভ মিল্ক ইউনিয়ন লিমিটেডের কেন্দ্রের পর রাজ্যপাল আগরতলা পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডে নোয়াগাঁও কৃষ্ণনগর সাব-সেন্টার আয়ুষ্মান আরোগ্য মন্দিরও পরিদর্শন করেন। সেখানে রোগীদের জন্য কী ধরনের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়, সেই বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে পরিষেবা প্রদান, রোগীর তথ্য সংরক্ষণ ও নথিভুক্তকরণের পদ্ধতি সম্পর্কেও অবগত হন রাজ্যপাল। পাশাপাশি পরিষেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
এরপর তিনি জিবি হাসপাতালে থাকা জন ঔষধি কেন্দ্র তথা জেনেরিক মেডিসিন স্টোর পরিদর্শন করেন। এই কেন্দ্রটির সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে জেনেরিক ওষুধ ব্যবহারে আরও উৎসাহিত করার ওপর জোর দেন।

এদিনের পরিদর্শনে স্থানীয় কর্পোরেটর, স্বাস্থ্য অধিকর্তা এবং পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকও উপস্থিত ছিলেন। রাজ্যপালের এই সফর দুগ্ধ উৎপাদন ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *