উচ্ছেদের আশঙ্কায় উদ্বিগ্ন আগরতলার পোস্ট অফিস চৌমুহনী থেকে নেতাজি চৌমুহনী পর্যন্ত রাস্তার ধারে থাকা ব্যবসায়ীরা

উচ্ছেদের আশঙ্কয় বাড়ছে উদ্বেগ

editorvanguard
1 Min Read
আগরতলায় ফের হকার উচ্ছেদ নিয়ে উদ্বেগ

আগরতলা: পুরনিগম কর্তৃপক্ষের তরফে মৌখিক ভাবে তিন দিনের সময় দেওয়া হয়েছে। তাতেই আগরতলার পোস্ট অফিস চৌমুহনী থেকে নেতাজি চৌমুহনী পর্যন্ত রাস্তার ধারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানদারদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার আচমকাই এই নির্দেশ পৌঁছানোর পর ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এর আগেও একাধিকবার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। এবারও পুনর্বাসনের বিষয়ে স্পষ্ট কোনও রূপরেখা না দিয়েই দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের।

ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, বামফ্রন্ট সরকারের আমলে তাঁদের জন্য একটি মার্কেট শেড নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেই পরিকাঠামো ব্যবহারযোগ্য অবস্থায় নেই। তাই বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ হলে বহু পরিবার চরম আর্থিক সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এখন প্রশ্ন উঠছে, পুনর্বাসনের সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কেন উচ্ছেদের নির্দেশ? ব্যবসায়ীদের জন্য নির্মিত মার্কেট শেড বর্তমানে ব্যবহারযোগ্য নয় কেন? ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা রক্ষায় প্রশাসনের কাছে কোনো বিকল্প ব্যবস্থা কি রয়েছে? আর মৌখিক নির্দেশের পরিবর্তে লিখিতভাবে অবস্থান স্পষ্ট করবে কি পুর নিগম?

ব্যবসায়ীরা প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনায় বসে গ্রহণযোগ্য সমাধান ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, জীবিকা রক্ষা এবং নগর উন্নয়ন-দুইয়ের মধ্যে সমন্বয় ঘটিয়েই সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *