আগরতলা: ত্রিপুরায় স্কুলছুটের হার এখন অনেকটাই কমেছে বলে সোমবার দাবি করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আগরতলার শিশু বিহার স্কুলে নবম শ্রেণির ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে এই দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, কন্যা শিক্ষার প্রসার এবং গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে মহিলাদের স্বশক্তিকরণ করা। কন্যা শিক্ষার প্রসার ও তাদের গুণগত মানের শিক্ষা দানের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৪১ হাজার ৮০০ ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হচ্ছে। বাইসাইকেল দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে, যাতে ছাত্রীরা সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারে এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ আরও বৃদ্ধি পায়।
নারী শিক্ষার গুরুত্বের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, যখন একটি মেয়ে গুণগত শিক্ষা পায়, তখন শুধু তার নিজের নয়, পরিবারেরও উন্নয়ন হয়। এর মাধ্যমে সমাজ, রাজ্য এবং দেশও এগিয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানে মেধার বিচারে মেয়েরা অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে এবং সুযোগ পেলে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম।
শিশু বিহার স্কুলের মঞ্চ থেকে মাদকমুক্ত ত্রিপুরা গঠনের প্রসঙ্গেও সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, শুধু পড়াশোনা করলেই হবে না, ছাত্রছাত্রীদের ড্রাগস সম্পর্কে সচেতন ও সতর্ক থাকতে হবে। আর এক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
