আগরতলা: শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরুণী কর্মী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে একের পর এক প্রশ্ন সামনে আসছে। ঘটনার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের আগেই কীভাবে এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করা হচ্ছে? এই প্রশ্নই এখন জনমতের কেন্দ্রে।
রহস্যজনক এই মৃত্য়ুর ঘটনার পরদিন সকালেই মনীষার পরিবারের তরফে প্রথমে খুনের অভিযোগ তোলা হয়েছিল শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কিন্তু, পরবর্তী সময়ে যেন একটু একটু করে পরিস্থিতি পাল্টে গেল। একটা মহল থেকে মনীষার মৃত্যুকে পরিকল্পিতভাবে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা শুরু হয় বলে অভিযোগই। প্রকৃত সত্য সামনে আসার আগেই একটি নির্দিষ্ট ব্যাখ্যা প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
তদন্ত বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে তদন্তের সমস্ত দিক খতিয়ে দেখা প্রয়োজন ছিল। কিন্তু তার আগেই আত্মহত্যার তত্ত্ব সামনে আসায় নতুন করে সন্দেহের জন্ম নিয়েছে। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, গভীর রাতে হোস্টেলের ঘরে অঘটনের খবর প্রথম কে পেলেন এবং কীভাবে পেলেন? সাধারণত এই ধরনের ক্ষেত্রে দীর্ঘ সময় কোনও সাড়া না পেলে সন্দেহের সৃষ্টি হয়। কিন্তু, মনীষার ক্ষেত্রে গভীর রাতেই বেসরকারি নিরাপত্তারক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে যান।
ফলে প্রশ্ন উঠছে, কোনও বিশেষ তথ্য কি আগে থেকেই কারও কাছে ছিল? তদন্ত পর্যবেক্ষকদের মতে, ঘটনার প্রাথমিক সময়রেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে প্রথম খবর দিলেন, কাকে জানালেন, কত সময়ে বেসরকারি নিরাপত্তারক্ষীরা পৌঁছালেন এবং দরজা ভাঙার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হল? এই প্রতিটি প্রশ্নের উত্তর তদন্তকে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে।
তবে আশ্চর্যের বিষয় হল ময়নাতদন্তের আগেই দেওয়া পুলিশের বক্তব্য। এতে তদন্তের স্বাভাবিক প্রক্রিয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, বলে বিশেষজ্ঞদের অভিমত। এমনকী জনগণের একাংশের মধ্যে এই আশঙ্কাও দেখা দিয়েছে যে আগাম মন্তব্যে ময়নাতদন্তকারী বিশেষজ্ঞদের উপর পরোক্ষ চাপ বা বিভ্রান্তির পরিবেশ তৈরি হতে পারে। তবে এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর মিলবে শুধুমাত্র নিরপেক্ষ ও বৈজ্ঞান ভিত্তিক তদন্তের মাধ্যমে।
এখন সবার নজর তদন্তকারী সংস্থার দিকে। কারণ মনীষা দাসের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি ঘটনার প্রতিটি অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজে বের করাও সমানভাবে জরুরি।
