আগরতলা: ত্রিপুরাজুড়ে সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের সতর্কতা জারি। একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা।
বজ্রপাতের আশঙ্কায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও আর্দ্রতায় বাড়াতে পারে ভোগান্তি।
আই এম ডি আগরতলার শুক্রবারের দুপুরের বুলেটিন অনুযায়ী আগামী সাতদিন রাজ্যের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত বেশি। ১২ জুন থেকে ১৭ জুন পর্যন্ত প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে বজ্রঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আগামী দুই দিনে রাজ্যের এক বা দুই স্থানে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়া সহ বজ্রঝড়ের ঝুঁকিও থাকছে। তাই খোলা মাঠ, জলাশয় এবং বড় গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
১৪ জুন থেকে ১৭ জুন পর্যন্তও বৃষ্টি ও বজ্রঝড়ের প্রবণতা অব্যাহত থাকবে। তবে ১৭ ও ১৮ জুনের পর বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে, শুক্রবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ দশমিক ৮ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন থেকে চারদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে, বলেও আই এম ডি আগরতলার দুপুরের আবহাওয়ার বুলেটিনে জানানো হয়েছে।
