উদয়পুর: ৬২ বছর বাদে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর দীর্ঘতম প্রধানমন্ত্রিত্বের রের্কড ভেঙেছেন নরেন্দ্র মোদি। ১০ জুন তৈরি হয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসের নতুন মাইলস্টোন। ঐতিহাসিক এই মুহূর্ত উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ত্রিপুরার মন্দির নগরী উদয়পুরের মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দিরে বিশেষ পুজো ও হোমের আয়োজন করা হয়েছিল রাজ্য বিজেপির উদ্যোগে। এই পুজো উপলক্ষে মন্দিরে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
বুধবার ১০ জুন ২০২৬ ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলস্টোন তৈরি করলেন নরেন্দ্র মোদি। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে টানা ৪,৩৯৯ দিন পূর্ণ করে তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে দিলেন। দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে একটানা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের গড়লেন নজির। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মোদী। এরপর ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পরপর জয়ের মাধ্যমে তিনি তৃতীয়বারের জন্য দেশের শাসনভার গ্রহণ করেন। মোদির নতুন মাইলস্টোন এবং প্রধানমন্ত্রীত্বের ১২ বছর পূর্তি উপলক্ষে মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দিরে বিশেষ পূজা-অর্চনা ও যজ্ঞের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক উন্নতি কামনায় এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি ত্রিপুরা প্রদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা স্থানীয় মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেবরায়। পূজা ও যজ্ঞে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় থাকার কামনা করেন। অনুষ্ঠানে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে যজ্ঞ সম্পন্ন হয়। সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। অভিষেক দেবরায় জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছেছে। সেই উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় এই বিশেষ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবারের বিশেষ পুজো ও যজ্ঞে রাজ্য বিজেপির সভাপতি অভিষেক দেবরায় ছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। গোমতী জেলা বিজেপি সভানেত্রী সবিতা নাগ সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বের ১২ বছর পূর্তি উপলক্ষে মাতাবাড়ি সহ ত্রিপুরার প্রতিটি মন্ডলের বিভিন্ন মন্দিরে পূজার আয়োজন করেন বিজেপির নেতা-কর্মীরা।
