আগরতলা: আগামী সাতদিন ঝড়বৃষ্টি ও বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে ত্রিপুরায়। ইতিমধ্যেই ১৪ জুন পর্যন্ত রাজ্যের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে IMD। কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
বুধবার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ১০ জুন সকাল থেকে ১৭ জুন পর্যন্ত ত্রিপুরার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। বিশেষ করে ১০, ১১ এবং ১২ জুন রাজ্যের এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি। ওই সময়ে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, আর্দ্রতাপূর্ণ বায়ুপ্রবাহ ও অনুকূল আবহাওয়াজনিত অবস্থার কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। ফলে বজ্রপাত, দমকা হাওয়া এবং স্বল্প সময়ের মধ্যে অধিক বৃষ্টিপাতের ঘটনা ঘটতে পারে। ১৩ ও ১৪ জুনও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে। ১৫ ও ১৬ জুন বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও রাজ্যের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতির কথা মাথায় রেখে ১০ থেকে ১৪ জুন পর্যন্ত ত্রিপুরার সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতার অর্থ আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখা এবং প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা। আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে বজ্রপাতের সময় খোলা মাঠ, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির আশপাশে অবস্থান না করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি কৃষকদের ফসল সুরক্ষা এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
ঝড়বৃষ্টির জেরে আগামী ৩ থেকে ৪ দিন রাজ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
