আগরতলা: ত্রিপুরায় ক্রমাগত বাড়ছে বিদ্যুতের বিল। অভিযোগ রীতিমত পকেট মারের ভূমিকা পালন করছে বিদ্যুৎ নিগম। ফলে প্রতিদিনই নিগমের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। বিভিন্ন জায়গায় কার্যত জনরোষের মুখে পড়ছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। মঙ্গলবারও সেই ছবি ধরা পড়ল ভুতুরিয়া বিদ্যুৎ ভবনের সামনে।
সাধারণ মানুষের পকেট কেটে বিদ্যুৎ দপ্তর অতিরিক্ত অর্থ আদায় করছে, এই অভিযোগে এবার তীব্র ক্ষোভ তৈরি হয়েছে রাজধানী আগরতলা সহ গোটা ত্রিপুরায়। বিনা নোটিশে ফুয়েল চার্জ, ফিক্সড চার্জ এবং ডিউটি চার্জের আড়ালে চড়া হারে বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ভুতুরিয়া বিদ্যুৎ ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে শামিল হল বিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি।
সংগঠনের সদস্যদের অভিযোগ, বিদ্যুতের মূল ট্যারিফের পাশাপাশি বিভিন্ন অতিরিক্ত চার্জ আরোপ করে সাধারণ গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে সুব্রত গঙ্গোপাধ্যায় বলেন, “বিদ্যুতের বিল ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম সমস্যার মুখে পড়েছেন।” তিনি আরও দাবি করেন, ফুয়েল চার্জ, ফিক্সড চার্জ ও অন্যান্য অতিরিক্ত মাশুলের নামে যে বাড়তি অর্থ আদায় করা হচ্ছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে হবে।
অন্য বিক্ষোভকারীরাও নিগমকে সতর্ক করে বলেন, বিদ্যুৎ মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা। বিদ্যুৎ দফতরের উদাসীনতার বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি অবিলম্বে গ্রাহকদের স্বস্তি দেওয়ার দাবি জানানো হয় এই বিক্ষোভ সমাবেশ থেকে।
মঙ্গলবারের এই কর্মসূচিতে সংগঠনের অন্যান্য সদস্য ও বিদ্যুৎ গ্রাহকরাও বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। এখন দেখার, জনরোষের মুখে পড়ে বিদ্যুৎ দফতর তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কি না।
