ভার্চুয়ালি সোনামুড়ার শ্রীমন্তপুর স্থল বন্দরে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন অমিত শাহের

শ্রীমন্তপুর স্থল বন্দরে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন

শ্রীমন্তপুর স্থল বন্দরে চালু নয়া সিস্টেম

সোনামুড়া : দেশের স্থলবন্দর ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র। মঙ্গলবার দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভার্চুয়ালি সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর সহ দেশের মোট ১৫টি স্থলবন্দরে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন।

এই নতুন ব্যবস্থার মাধ্যমে সীমান্ত বাণিজ্য পরিচালনা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র যাচাই, তথ্য সংরক্ষণ এবং বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া আগের তুলনায় অনেক বেশি গতিশীল হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে যাতায়াতকারী যাত্রীদের পরিষেবাও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
শুধু প্রযুক্তিগত উন্নয়নই নয়, সীমান্তে কর্মরত জওয়ান ও কর্মকর্তাদের আবাসন সুবিধার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রীমন্তপুর স্থলবন্দরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন দুটি নতুন আবাসন ব্লকেরও উদ্বোধন করা হয়েছে। বলে জানালেন শ্রীমন্তপুর আইসিপি ইনচার্জ প্রদীপ সাহা।

এই আবাসন প্রকল্প নির্মাণে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় ৭ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। যদিও শ্রীমন্তপুর স্থলবন্দরে এ উপলক্ষে আলাদা কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগ সীমান্ত বাণিজ্য ও যাত্রী পরিষেবাকে আরও কার্যকর করার পাশাপাশি সীমান্ত অবকাঠামোর উন্নয়নেও নতুন দিগন্ত উন্মোচন করবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *