খোয়াইকে হারিয়ে রাজ্য মহিলা সিনিয়র হকি প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন ঊনকোটির মেয়েরা

রাজ্যভিত্তিক মহিলা সিনিয়র হকি প্রতিযোগিতায় জয়ী ঊনকোটি

2 Min Read
অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বাসে মেতেছে ঊনকোটির মেয়েরা

ধনপুর:  ফাইনালে খোয়াইকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ঊনকোটির মেয়েরা। টাইব্রেকারে রাজ্য হকির শিরোপা দখল। তিন দিনব্যাপী জমজমাট সিনিয়র মহিলা হকির রাজ্য আসর সম্পন্ন।

হকি ত্রিপুরা অ্যাসোসিয়েশন আয়োজিত পঞ্চম সিনিয়র মহিলা রাজ্যভিত্তিক আসর ২০২৬-এর শিরোপা জয় করল ঊনকোটি জেলা। সিপাহীজলা জেলার ধনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় লীগ পর্ব থেকে দুর্দান্ত ছন্দে ছিল ঊনকোটির মেয়েরা। গ্রুপ ম্যাচে অপরাজিত থেকে তারা সেমিফাইনালে সিপাহীজলাকে পরাজিত করে ফাইনালে ওঠে।

সোমবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে খোয়াই জেলার বিরুদ্ধে শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। উভয় দলই আক্রমণ, কাউন্টার অ্যাটাক, বল পজিশন ও পেনাল্টি কর্নার থেকে গোলের সুযোগ তৈরি করলেও নির্ধারিত ৪০ মিনিটে কোনো দলই জালে পৌঁছতে পারেনি। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। স্নায়ুচাপের লড়াইয়ে ঊনকোটি জেলা টাইব্রেকারে ৩-২ গোলে খোয়াইকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। রানার্স খোয়াই এবং তৃতীয় স্থান দখল করে পশ্চিম ত্রিপুরা জেলা।

ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ঊনকোটি জেলার সোমা পড়শি। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পান ঊনকোটির নন্দিতা শুক্ল বৈদ্য। সর্বোচ্চ গোলদাতা হিসেবে সেরা স্কোরারের সম্মান অর্জন করেন সিপাহীজলা জেলার পিংকি সরকার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সিপাহীজলা জেলার সহ সভাধিপতি পিন্টু আইচ, হকি ত্রিপুরা অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশীষ ভৌমিক সহ বিশিষ্ট অতিথিরা। চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থানাধিকারী দলকে যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা এবং ট্রফি প্রদান করা হয়। খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ মনোভাব ও দৃষ্টিনন্দন হকি উপহার দেওয়ার জন্য অভিনন্দন জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং তিনি ভবিষ্যতে রাজ্য থেকে আরও জাতীয়মানের হকি প্রতিভা উঠে আসার আশা ব্যক্ত করেন।

সর্বোপরি রাজ্যভিত্তিক সিনিয়র মহিলা হকির ফাইনালে খোয়াইকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ঊনকোটি। টাইব্রেকারে। তিন দিনব্যাপী জমজমাট আসর এবং মেয়েদের দক্ষতার নিরিখে অদূর ভবিষ্যতে রাজ্যের মহিলা হকির মান আরও অধিক বৃদ্ধি পাবে, বলে বিশেষজ্ঞ মহলের আশা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *