জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ, আগরতলায় বিক্ষোভ মিছিল সিপিএমের

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ CPM-র

2 Min Read
আগরতলায় সিপিএমের বিক্ষোভ মিছিল

আগরতলা:  জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে রাজ্যজুড়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে । নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় রাস্তায় নামল সিপিএম। বিক্ষোভ মিছিল ও সভা থেকে কেন্দ্রের নীতির সমালোচনা।

জ্বালানি তেল, রান্নার গ্যাস, বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার রাজ্যের রাজধানী আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিএম। মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে উঠছে বলে অভিযোগ তুলে দলীয় কর্মী-সমর্থকরা এদিন রাস্তায় নামেন।

সোমবার বিকেলে সিপিএমের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারীরা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সরকারের হস্তক্ষেপ দাবি করেন। পরে মিছিলটি ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: 

সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের বিভিন্ন নেতা। বক্তারা অভিযোগ করেন, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও বিদ্যুতের ক্রমবর্ধমান মূল্য সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করেছে। পাশাপাশি খাদ্যসামগ্রী সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে বলেও তারা দাবি করেন। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির পাশাপাশি সম্প্রতি গোপনে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছে, বলে অভিযোগ তুললেন সিপিএম নেতা রতন দাস।

সভা থেকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং সাধারণ মানুষের স্বার্থে জনমুখী নীতি গ্রহণের দাবি জানানো হয়। সিপিএম নেতৃত্বের বক্তব্য, মানুষের জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়ে চলেছে, তা নিয়ে সরকারের অবিলম্বে পদক্ষেপ নেওয়া জরুরি।

বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়। মূল্যবৃদ্ধির প্রশ্নে আগামী দিনেও আন্দোলন জারি রাখার ইঙ্গিত দিয়েছে সিপিএম।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *