চাকমাঘাট: কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের ভূমিহীন টিলা এলাকা পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক তথা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। দীর্ঘদিন পর মন্ত্রীর এই সফরকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাঁদের নানা সমস্যা, দাবি ও অভিযোগ শোনেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ ও টানা বৃষ্টিকে উপেক্ষা করেই মন্ত্রী এলাকায় পৌঁছে মানুষের পাশে দাঁড়ান।
এলাকাবাসীর অভিযোগ ছিল, নির্বাচনে জয়লাভের পর এই অঞ্চলে বিধায়কের উপস্থিতি দেখা যায়নি। সেই প্রেক্ষাপটে এদিনের সফর বিশেষ তাৎপর্য বহন করে। আলোচনার সময় রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য মৌলিক পরিষেবা নিয়ে স্থানীয়রা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী সব অভিযোগ গুরুত্ব সহকারে শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এছাড়া এলাকায় বন্য হাতির তাণ্ডব থেকে মানুষ ও ফসল রক্ষায় ফেন্সিং নির্মাণের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। একইসঙ্গে হাতির নিরাপত্তা নিশ্চিত করেও মানব-প্রাণী সংঘাত কমানোর লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে বলে উল্লেখ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।
উন্নয়নমূলক উদ্যোগ আরও জোরদার করার আশ্বাস দিয়ে তিনি সফর শেষ করেন। এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের মন্ত্রীর আশ্বাস প্রাপ্তিতে স্থানীয় সাধারণের মধ্যে আশার আলো। তবে এই আশ্বাস কবে নাগাদ পুর্ণ হয় সেটাই এখন দেখার বিষয়।
