উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের জলাবাজারে পুরনো মার্কেট শেড ভাঙা ও নতুন নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

editorvanguard
2 Min Read
এই নির্মীয়মাণ শেড নিয়েই বিতর্ক

ধর্মনগর: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জলাবাজার এলাকায় পুরনো মার্কেট শেড ভাঙা ও নতুন নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

জমির মালিকানা, শেড ভাঙার প্রক্রিয়া এবং পুরনো নির্মাণ সামগ্রীর ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে খবর, জলাবাজার এলাকায় নতুন মার্কেট শেড নির্মাণের পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত নির্মাণকাজ শুরু হয়নি। কিন্তু শুধুমাত্র পুরনো মার্কেট শেড ভাঙার কার্যক্রম শুরু হয়েছে। আর ভাঙার কাজ ঘিরেই বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। ব্যবসায়ীদের দাবি , যে জমিতে নতুন মার্কেট শেড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা ৮২ জন ব্যক্তির যৌথ মালিকানাধীন ব্যক্তিগত জমি। স্থানীয়দের দাবি, জমির মালিকদের কাছ থেকে প্রয়োজনীয় সম্মতি গ্রহণ না করেই পুরনো শেড ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, কৃষি দপ্তরের উদ্যোগে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও পুরনো মার্কেটে শেড ভাঙার আগে ব্যবসায়ী ও বাজার কমিটির সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। ফলে বাজারের বহু ক্ষুদ্র ব্যবসায়ী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

প্রবীর দাস ওরফে প্রণয় দাস উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি এই কাজের বরাত পেয়েছেন। অভিযোগকারীদের অভিযোগ তাঁর মদতে পুরনো মার্কেটের শেডের টিন, কাঠ ও লোহা সহ বিভিন্ন সামগ্রী সরকারি অনুমোদন ও নিলাম প্রক্রিয়া ছাড়াই বিক্রি করা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও কোনও সরকারি নথি বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশ্যে আসেনি। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের হস্তক্ষেপ এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান দাবি করেছেন। তবে অভিযোগগুলির বিষয়ে পঞ্চায়েত প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *