সিপাহিজলা: বাংলাদেশে হাম-রুবেলার সংক্রমণ বৃদ্ধির পর ত্রিপুরার সীমান্তবর্তী এলাকাগুলিতে সতর্কতা জোরদার করেছে প্রশাসন। সিপাহীজলা জেলার মতিনগর, টাকারজলা ও বিশালগড় এলাকায় মোট ছয়জনের শরীরে হাম-রুবেলার সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে পাঁচজন শিশু এবং একজন ৪৯ বছর বয়সী ব্যক্তি রয়েছেন।
মতিনগরে দুই শিশুর শরীরে সংক্রমণ নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যান সিপাহীজলা জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলা স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ দাস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল। মতিনগর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীদের নিয়ে বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জেলাশাসক জানান, আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকাগুলিকে বাড়তি নজরদারির আওতায় আনা হয়েছে। কারও শরীরে জ্বর, ফুসকুড়ি বা হাম-রুবেলার উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি স্পষ্টভাবে বলেন, অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে সকলকে সতর্ক থাকতে হবে এবং শিশুদের নির্ধারিত টিকাকরণ সম্পূর্ণ করতে হবে।
জেলা স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ দাসও সাধারণ মানুষের উদ্দেশে একই বার্তা দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশে হাম-রুবেলার প্রাদুর্ভাবের প্রভাব এবার সীমান্তবর্তী ত্রিপুরাতেও। সিপাহীজলা জেলায় ছয়জনের শরীরে মিলেছে সংক্রমণের সন্ধান।
মতিনগরে আক্রান্ত দুই শিশর দেহে সংক্রমণ। প্রতিরোধে তৎপর- প্রশাসন। প্রশাসনের স্পষ্ট বার্তা, আতঙ্ক নয়, টিকাকরণ ও সতর্কতায় গুরুত্ব আরোপ।
