বিলোনিয়া: বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের শিবপুর এডিসি ভিলেজের ধনচন্দ্র পাড়ায় দীর্ঘদিনের সেতু সংকটকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। প্রায় ৬০টি জনজাতি পরিবারের একমাত্র যাতায়াতের পথে ছড়ার উপর আজও স্থায়ী ব্রীজ বা কালভার্ট নির্মিত হয়নি।
অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে আবেদন জানিয়েও সমস্যার সমাধান মেলেনি। বাধ্য হয়ে গ্রামবাসীরাই কাঠ-বাঁশ দিয়ে অস্থায়ী সেতু তৈরি করেছেন। বর্তমানে এই অস্থায়ী সেতুর এমন বিপজ্জনক অবস্থা সামান্য বা ফসকালেই নির্ঘাত বিপত্তি। অন্য দিকে অপর একটি ছড়া পার হতে ভাঙা বিদ্যুতের খুঁটির উপর নির্ভর করতে হচ্ছে।
বর্ষাকালে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠছে। স্কুলপড়ুয়া শিশু, কৃষক ও শ্রমজীবী মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। দুর্ঘটনার ঘটনাও ঘটছে, বলে দাবি স্থানীয়দের।
পড়ুয়ারা সর্বাধিক সমস্যার সম্মুখীন। চরম দুর্দশ আগস্ত এ অবস্থায় তাদের একটি দাবী অন্তত এক্ষেত্রে একটি কালভার্ট নির্মাণ করা হোক।
প্রশ্ন উঠছে স্বাধীনতার এত বছর পরও কেন ব্রীজ কিংবা একটি কালভার্ট পর্যন্ত পেল না ধনচন্দ্র পাড়াবাসি? বারবার আশ্বাস মিললেও বাস্তবে কাজ শুরু হচ্ছে না কেন? শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দায়িত্ব নেবে কে? গ্রামবাসীরা অবিলম্বে স্থায়ী ব্রীজ অথবা কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
