রামনগরের ফ্ল্যাটে গিয়ে বিস্ফোরণস্থল পরিদর্শন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার

রামনগরের বিস্ফোরণস্থলে মুখ্যমন্ত্রী

editorvanguard
2 Min Read
রামনগরের ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

আগরতলা: রামনগর ৪ নম্বর রোড এলাকার বসেরা এনএস অ্যাপার্টমেন্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। ঘটনায় কয়েকজন আহত হন। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় কোচিং স্কুলের কর্মী শুভ্রজ্যোতি চৌধুরীকে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে জিবি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে এই দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে অ্যাপার্টমেন্টের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরাও। ঘটনাস্থল ঘুরে দেখে তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে টিএনজিসিএলের গ্যাস সরবরাহ লাইনের ত্রুটির কারণেই এই বিস্ফোরণ ঘটেছে। তবে প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।

শুক্রবার দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরণে মৃত শুভ্রজ্যোতি চৌধুরীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি অন্যান্য আহতদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

এখন তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে প্রশাসন ও সাধারণ মানুষ। সর্বোপরি রাজধানী আগরতলায় রামনগরে ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া। মুখ্যমন্ত্রীর পরিদর্শনে সামনে এল প্রাথমিক তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য। গ্যাস লাইনের ত্রুটির অভিযোগ। পূর্ণ তদন্তের এবং ক্ষতিগ্রস্ত পরিবার সমূহকে সহায়তার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মানিক সাহার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *