আগরতলা: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার রাজনীতিতে জোট জল্পনা নতুন করে মাথাচাড়া দিলেও, এখনই সে বিষয়ে চূড়ান্ত কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপি জোট করবে কি না, সেই সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের মতামতের উপর। অর্থাৎ, আপাতত এই প্রশ্নে বল ঠেলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় অভিভাবকদের কোর্টে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগামী ২৭ সেপ্টেম্বর ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাবনা রয়েছে।
ফলে সংগঠন ও রাজনৈতিক প্রস্তুতি ইতিমধ্যেই ত্বরান্বিত হচ্ছে। এদিন স্বাস্থ্য পরিষেবা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। দেশের বিভিন্ন মেডিকেল কলেজের পরিস্থিতি খতিয়ে দেখে এজিএমসি – জিবি হাসপাতালের চিকিৎসকদের জন্য কুড়ি শতাংশ এনপিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর কথায়, এই পদক্ষেপের একটাই উদ্দেশ্য, সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালেই আরও ভালো, নিয়মিত ও দায়িত্বশীল চিকিৎসা পরিষেবা পান।
সর্বোপরি ভিলেজ কমিটি ভোটে জোট প্রশ্নে এখনই স্পষ্ট বার্তা দিলেন না মুখ্যমন্ত্রী। সিদ্ধান্তের বল ঠেলে দিলেন কেন্দ্রীয় নেতৃত্বের কোর্টে,বসেপ্টেম্বরের সাতাশে ভোটের ইঙ্গিত, একই সাথে, মানুষের সেবার বিষয়টি প্রাধান্য দিয়ে এজিএমসি জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের বড় সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
