কলকাতা: ক্ষমতার পালাবদলের পর এই প্রথম সরকারি উদ্য়োগে কলকাতার রেড রোডে উদযাপিত হল আন্তর্জাতিক যোগ দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজে বেশ কিছু যোগব্যায়াম করেন তারপর চারদিকে ঘুরে ঘুরে বাকিদের যোগচর্চা দেখেন। কারও কারও ভুল ঠিক করে দেন।
পাশাপাশি এই অনুষ্ঠানের মঞ্চ থেকে সুস্থ জীবনের জন্য যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘২১ জুন পৃথিবীর একাংশে সবথেকে লম্বা দিন। কিন্তু যোগ দিবস হিসেবে মান্যতা পাওয়ার পরে তাঁর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। ২১ জুন বিশ্বের সবচেয়ে বড় পার্বণে পরিণত হয়েছে।
যোগ দিবসে এবারের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মদি বলেন, যোগব্যায়াম কেবল বয়স্কদের জন্য নয়, এটি সব বয়সের মানুষের জন্য। এটি আমাদের জীবনযাত্রার অংশ হওয়ার পাশাপাশি বিশ্বের এক উন্নত ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
যোগব্যায়ামকে কেবল একটি দিনের উদযাপনে সীমাবদ্ধ না রেখে, প্রতিদিনের অভ্যাসে পরিণত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলে, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, যোগকে কেবল একটি দিনে সীমাবদ্ধ রাখব না। এটিকে আমাদের জীবনের, আমাদের পরিবারের এবং আগামী প্রজন্মের অংশ করে তুলব।
যোগের গুণাবলীর কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগব্যায়াম শরীর ও মনের ভারসাম্য বজায় রেখে বার্ধক্যেও মানুষের কর্মক্ষমতা ধরে রাখতে সাহায্য করে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমগ্র অনুষ্ঠানটি ঘিরে আমজনতার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন প্রায় ৩৫ হাজার মানুষ।
