ওয়াশিংটন: আগামী ২-৩দিনের মধ্যে ইরানে ভয়ানক হামলা চালানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়সীমার মধ্যে শান্তি চুক্তি না করলে নতুন করে আক্রমণ শুরু হবে বলেই জানিয়েছেন তিনি। আর পাল্টা জবাবে নয়া কৌশলে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরানও। এর ফলে নতুন করে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর আশঙ্কায় আশঙ্কিত হয়ে পড়েছে গোটা বিশ্ব।
ইরান-আমেরিকার শান্তি বৈঠক আদৌও হবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। এর মাঝেই মঙ্গলবার ফের ইরানের হামলা চালানোর পরিকল্পনা নিয়েছিল আমেরিকা। কিন্তু, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রনেতারা তাঁকে অনুরোধ করায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান বলে দাবি করেছেন ট্রাম্প। তবে খুব বেশিদিন তিনি আর ইরানকে সময় দিতে চাইছেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। নতুন সময়সীমার মধ্যে শান্তি চুক্তি না হলে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন। দু-তিন দিন কিংবা আগামী সপ্তাহের মধ্যে ইরানের হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন।
অন্য়দিকে ইরানেও প্রত্যাঘাতের জন্য পুরোপুরি তৈরি বলে জানিয়ে দিয়েছে। আমেরিকা চাইছে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার তাদের হাতে তুলে দিক। কিন্তু, ইরান চায় যদি আমেরিকা ফের হামলা করে তাহলে ইউরেনিয়ামের ভাণ্ডার রাশিয়াকে সঁপে দিয়ে আমেরিকার বিরুদ্ধে অলআউট আক্রমণে ঝাঁপাবে। ফলে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আরও ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে জ্বালানি সমস্যা আরও বৃদ্ধি পেয়ে বহু দেশের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে বলেই ভয় পাচ্ছেন তাঁরা।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইর। তারপর থেকে উত্তপ্ত রয়েছে পশ্চিম এশিয়া। বর্তমানে যুদ্ধবিরতি চললেও যে কোনও মুহূর্তে নতুন করে ফের সংঘাত শুরু হতেই পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। যার প্রভাব আগের থেকেও মারাত্মক হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে আতঙ্কিত গোটা বিশ্ব।
