বেহাল রাস্তার গর্তে আটকে মালবাহী লরি, দীর্ঘ যানজটে ভোগান্তি কমলপুরের ২০৮ নম্বর জাতীয় সড়কে

বেহাল রাস্তায় যানজট

editorvanguard
2 Min Read
গর্তে পড়েছে লরি

কমলপুর: জাতীয় সড়কের বেহাল দশার জেরে ভোগান্তি পোয়াতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার মধ্যে হয়ে থাকা গর্তে যখন-তখন মালবাহী গাড়ি আটকে স্তব্ধ হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ। প্রায় প্রতিদিনই দীর্ঘ যানজটে নাকাল হচ্ছেন শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ যাত্রীরা।

কমলপুরের এরার পাড় থেকে দক্ষিণ মানিকভান্ডার বাজার পর্যন্ত ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল দশার জন্য মঙ্গলবার সকাল থেকেই যান চলাচলে রীতিমতো বিপর্যয় সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও কাদামাটি জমে থাকায় দুটি মালবাহী গাড়ি গর্তে পড়ে আটকে যায়। এর জেরে কমলপুর-আমবাসা, কমলপুর-কুমারঘাট এবং কৈলাসহর-আগরতলা সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। সকালের ব্যস্ত সময়ে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন অফিসগামী কর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তির শিকার হন বহু মানুষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও স্থায়ী সংস্কারের কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। প্রশ্ন উঠছে, জাতীয় সড়কের এমন করুণ অবস্থা দীর্ঘদিন ধরে কেন? বারবার অভিযোগ সত্ত্বেও সংস্কার কাজ শুরু হচ্ছে না কেন? সাধারণ মানুষের দুর্ভোগের দায়ভারই বা নেবে কে?

দিন দিন যা পরিস্থিতি হচ্ছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। অবিলম্বে সড়ক সংস্কার এবং স্থায়ী সমাধানের দাবিতে এলাকাজুড়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে। যে কোনও দিন সেই ক্ষোভের আগুন বড় আন্দোলনের সূচনা করতে পারে বলেই মত স্থানীয় বাসিন্দাদের।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *