আগরতলা: জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে দাপিয়ে বেড়ানোর মত প্রতিভাবান খেলোয়াড় রাজ্যে রয়েছে। তাঁদের খোঁজে বিশেষ ক্যাম্পের আয়োজন করেছিল ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল। এখানে নির্বাচিত খেলোয়াড়রা আগামী দিনে জাতীয় এবং আন্তর্জাতিক ইভেন্ট থেকে পদক জিতবে বলেই আশা প্রকাশ করলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়।
ত্রিপুরার কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রতিভাবান খেলোয়াড়। সেই প্রতিভাবান রত্নদের খুঁজতে কোমর বেঁধে নেমেছে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল। সেই মনি মানিক্যদের রাজ্য স্তরে তো বটেই জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিতে আদা জল খেয়ে মাঠে নেমেছে ত্রিপুরা ক্রীড়া দপ্তর। প্রতিভাবান খেলোয়াড়দের সঠিক ভাবে প্রশিক্ষণ দিতে ১০ দিনের বাছাই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে। ব্যাডমিন্টন থেকে হ্যান্ডবল, জিমন্যাস্টিকস থেকে ভলি সহ বিভিন্ন খেলায় শতাধিক প্রতিভাবান খেলোয়াড়কে প্রশিক্ষণ দেওয়া হয়। মঙ্গলবার ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের কমপ্লেক্সে কোচিং ক্যাম্পের সমাপ্তি অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, খেলোয়াড়দের এক ছাতার নিচে নিয়ে এসে একই প্যাটার্নে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরাই আগামীতে জাতীয় এবং আন্তর্জাতিক ইভেন্ট থেকে পদক জিততে পারবে।
সমাপ্তি অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও বিধায়ক অভিষেক দেবরায়, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দশ দিনের সঠিক প্রশিক্ষণ পেয়ে খুশি প্রতিভাবান খেলোয়াড়রা। এখন থেকেই ভবিষ্যতে এক সফল ক্রীড়াবিদ হয়ে বিশ্ব মঞ্চে পদক জেতার স্বপ্ন দেখতে শুরু করেছে তারা।
২০১৮ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর মানোন্নয়নে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনটাই দাবি গেরুয়া শিবিরে। অবশ্য তার ফল অনেক ক্ষেত্রে রাজ্যবাসী দেখতে পেয়েছে। ১০ দিনের এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের ফলে সেই কাজ আরও ত্বরান্বিত হল বলেই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।
